নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাদিয়া(১৭) নামে এক গার্মেন্টসকর্মীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে উপজেলার সনমান্দির খৈত্যেরগাঁও গ্রাম থেকে সাদিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সাদিয়া মদনপুর এলাকার জাহিন গার্মেন্টসের কর্মী ছিলেন। তিনি সোনারগাঁওয়ের পশ্চিম সনমান্দি গ্রামের শাহজাহানের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে,রোববার সকালে উপজেলার সনমান্দি ইউনিয়নের খৈত্যেরগাঁও এলাকায় রাস্তার পাশে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা,শনিবার রাতে সাদিয়া গার্মেন্টস থেকে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ধর্ষণ করে এবং শ্বাসরোধ করে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। নিহতের শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁও থানার তদন্ত বিষয়ক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান,ঘটনাস্থল থেকে নিহত গার্মেন্টসকর্মীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

[b]নারায়ণগঞ্জ,২৬জানুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]