[b]ঢাকা: [/b]নির্বাচনী এলাকা ১৮০, ঢাকা ৭ আসনের প্রতিটি ভোটকেন্দ্রে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী হাজী মোহাম্মদ সেলিম। ঢাকা বিভাগীয় কমিশনার ও রির্টানিং অফিসারের বরাবর করা এক আবেদনপত্রে তিনি এমন দাবি জানিয়েছেন।
আবেদনপত্রে হাজী সেলিম অভিযোগ করেছেন, ওই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ভোটকেন্দ্র দখলে বহিরাগত ও ভাড়াটে সন্ত্রাসীদের প্রস্তুত রেখেছেন। ইতোমধ্যে তিনি (মহিউদ্দিন) তার জনসভায় বোমা হামলা করে তার দায় আমার (হাজী সেলিম) চাপানোরও চেষ্টা করেন।
তিনি আরও অভিযোগ করেন, মোস্তফা জালাল মহিউদ্দিন নির্বাচনী এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সঙ্গে গোপন বৈঠক করেছেন এবং ফলাফল নিজের পক্ষে নেওয়ার চেষ্টা করছেন।
গত কয়েকদিনে তার নির্বাচনী এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়ে গেছে উল্লেখ করে এই স্বতন্ত্র প্রার্থী ভোট চুরি হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে নির্বাচনের দিন প্রতিটি ভোট কেন্দ্রে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন।