[b]ঢাকা: [/b]বাংলাদেশ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বহরে দেশের সর্ববৃহৎ জাহাজ এমভি বাঙালী এ বছরের ডিসেম্বর মাসের শেষের দিকে  যোগ হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠনটির চেয়ারম্যান মজিবুর রহমান।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাহাজটি উদ্বোধন করতে পারেন বলেও জানান তিনি।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মজিবুর রহমান জানান,হরতাল-অবরোধের কারণে এমভি মধুমতিসহ ইউটিলিটি ফেরি ৭টি,যাত্রীবাহী জাহাজ ২টি,কে-টাইপ ফেরি ২টি এবং পুনর্বাসিত জাহাজ ২টি সহ অনেক রানিং জাহাজের মেরামত করা হচ্ছে।
এর মধ্যে নতুন দু’টি জাহাজও আছে। বাঙালি নদীর নামানুসারে এমভি বাঙালি ও মধুমতি নদীর নামে এমভি মধুমতি নামের ২টি জাহাজ তৈরি করে বিআইডব্লিউটিসি।
নতুন জাহাজগুলোর নির্মাণ কাজ সম্পন্ন হলেও আনুষঙ্গিক কার্যক্রম সমাপ্ত করতে পারেনি প্রতিষ্ঠানটি।
স্বাধীনতার পরে ১৯৭২ সালে বিআইডব্লিউটিসি’র যাত্রা শুরু হওয়ার পর বর্তমান সরকারের নির্দেশনায় এই প্রথম ২টি অভ্যন্তরীণ যাত্রীবাহী জলযান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
২টি অভ্যন্তরীণ যাত্রীবাহী জলযান নির্মাণের জন্য পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) অনুসারে উম্মুক্ত বা ওপেন টেন্ডার মেথডের (ওটিএম) মাধ্যমে দরপত্র আহ্বান করা হয়।
দরপত্র মূল্যায়ন শেষে কৃতকার্য দরদাতা ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লি. এর সাথে গত ৪ অক্টোবর ২০১২ তারিখে মোট ৪৯ কোটি ৪৭ লাখ এক হাজার ছয়শ’ টাকা ব্যয়ে প্রায় ৭৫০ জন যাত্রী ধারণ ক্ষমতা বিশিষ্ট ২টি জলযান নির্মাণের এক চুক্তি স্বাক্ষরিত হয়।
জলযান দু’টির ন্যুনতম সার্ভিস স্পিড ঘণ্টায় ১১ নটিক্যাল মাইল বা ২০.৩৭ কিলোমিটার। জলযান দু’টির ঢাকা থেকে বরিশাল যেতে প্রায় সাড়ে ৭ ঘণ্টা সময় লাগবে।
[b]ঢাকা,জানুয়ারি(টাইসনিউজবিডি)// কেএআচ
[/b]