লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ পৌরসভার জগতপুর এলাকায় জাবেদ ইসলাম (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে স্থানীয় মিঝি বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ছেলেকে হত্যার অভিযোগ এনে শিশুটির বাবা আবু তাহের রামগঞ্জ থানায় মামলা করেছেন।
জাবেদের বোন মারজাহান আক্তার জানান, গাছ থেকে কুল (বরই) পাড়াকে কেন্দ্র করে তাদের বাড়ির মফিজ উল্লার ছেলে লিটন জাবেদের ওপর ক্ষিপ্ত ছিল। এনিয়ে লিটন বেশ কয়েকবার জাবেদকে ভয়-ভীতি দেখায়। কয়েকবার রাস্তায় তাকে ধাওয়াও করেছিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাবেদ ঘর থেকে বের হয়ে রাতে আর ফেরেনি। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও পরিবারের লোকজন কোন সন্ধান পায়নি। শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন পার্শবর্তী মিঝি বাড়ির পুকুরে জাবেদের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুল হক বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
লক্ষ্মীপুর, ২৪ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর