আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিটা বেশ খারাপই হলো অ্যান্ডি মারের। কাতার ওপেনের দ্বিতীয় রাউন্ডে জার্মানির ফ্লোরিয়ান মায়ারের কাছে হেরে গেলেন তিনি।
প্রথম সেট সহজে জেতার পর দ্বিতীয় সেটে ৩-০ গেমে এগিয়ে জয়ের স্বপ্ন দেখছিলেন উইম্বলডন চ্যাম্পিয়ন মারে। কিন্তু এরপরই এলেমেলো খেলার মাশুল দিয়ে হেরে যান বিশ্বের চার নম্বর এই খেলোয়াড়। খেলার ফলাফল ৩-৬, ৬-৪, ৬-২।
শেষ সেটে ঠিক মতো সার্ভও করতে পারেননি মারে। তার প্রথম সার্ভের অর্ধেকের বেশি চলে গেছে কোর্টের বাইরে।
অন্যদিকে র্যা ঙ্কিংয়ে ৪০ নম্বরে থাকা মায়ারের সার্ভগুলো হয়ে ওঠে ক্ষুরধার। শেষ সেটে নিজের সার্ভ থেকে মাত্র তিন পয়েন্ট পাওয়া হয়নি তার।
গত সেপ্টেম্বরে কাঁধে অস্ত্রোপচারের ধকল কাটিয়ে কোর্টে ফেরার পর মারের এটা মাত্র দ্বিতীয় টুর্নামেন্ট। গত সপ্তাহে আবুধাবিতে একটি টুর্নামেন্টে অংশ নিয়েছেন বৃটেনকে ৭৬ বছর পর গ্র্যান্ড স্লামে পুরুষ এককের শিরোপা উপহার দেয়া মারে।





