ফেনীতে স্বর্ণের দোকান লুটের ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে মাসুদ (২৬) নামের এক ডাকাতকে অস্ত্র ও ককটেলসহ আটক করেছে পুলিশ। উপজেলার কিংছফুয়া থেকে শনিবার রাত ৯টার দিকে তাকে আটক করা হয়। আটক মাসুদ ভোলার দৌলতখান উপজেলার নুরুন্নবীর ছেলে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফেনী সদরের আবেদীন জুয়েলার্সের সামনে ৩০-৩৫টি ককটেল ফাটিয়ে স্বর্ণ লুট করে ৭-৮ জনের ডাকাত দল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে তারা পালিয়ে যাওয়ার সময় চৌদ্দগ্রাম উপজেলার মিরশানী এলাকায় পুলিশ মাসুদকে আটক করে। এ সময় এলাকাবাসী পুলিশকে সহায়তা করে।
এ সময় মাসুদের সঙ্গে থাকা ইতালির তৈরি নয় বোরের একটি পিস্তল, ডাকাত দলের ব্যবহৃত মাইক্রোবাস (ঢাকা মেট্রো-ট-গ-৬৭৪৭) এবং মাইক্রোবাস থেকে ১৪টি ককটেল ও দুটি রামদা উদ্ধার করা হয়।
ফেনী শহরের ট্রাংক রোডে শনিবার সন্ধ্যা ৭টার দিকে ৩০-৩৫টি ককটেল ফাটিয়ে জেলার বৃহত্তম স্বর্ণের দোকান আবেদীন জুয়েলার্স থেকে প্রায় ৭০০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় এক দল ডাকাত।
[b]ফেনী, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]