৮ জানুয়ারি আইভরি কোস্টে বাংলাদেশি শান্তিরক্ষী লেফটেন্যান্ট কর্নেল তোহিদ-উল-মুলকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশনের প্রতিনিধি ড. এ.কে আব্দুল মোমেনের মাধ্যমে তিনি এ শোকবার্তা দেন।
শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সেনাবাহিনীর এই কর্মকর্তা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ মেডিকেল কন্টিনজেন্ট-৯ (ব্যানমেড-৯) এ কর্মরত ছিলেন। গত ৮ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে মিল্কপার্ক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গত ২৮ ডিসেম্বর আইভরিকোস্টে এক সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পান তোহিদ-উল-মুলক। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জোহানেসবার্গে স্থানান্তর করা হয়।
বান কি মুন তার শোক বাণীতে বলেন, বাংলাদেশি সদস্যরা শান্তি মিশনে যেভাবে তাদের জীবন বাজি রেখে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন তা সত্যিই প্রসংশনীয়। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য তিনি বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ জানান।
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

[b]ঢাকা, ২৩ জানুয়ারি(টাইমনিউজ বিডি)/এফএ[/b]