[b]সিলেট:[/b] নিরাপত্তাহীনতায় ভুগছেন সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী। রাতে দুর্বৃত্তরা তাকে অনুসরণ করছে  অভিযোগ এনে সিলেট কোতয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন তিনি।
মঙ্গলবার দায়ের করা ওই জিডিতে সিলেটের মেয়র উল্লেখ করেন,১৩ জানুয়ারি রাত ১১টার দিকে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে কুমারপাড়াস্থ বাসায় আসার সময় তিনটি মোটরসাইকেলে হেলমেট পরা ৬ জন সশস্ত্র যুবক তাকে অনুসরণ করে।
মোটর সাইকেলের সঙ্গে আরও দুইটি সিএনজি অটোরিকশাও ছিল। মেয়র গাড়ি নিয়ে বাসায় প্রবেশের পর যুবকরা ফিরে যায়।
তার পুলিশি নিরাপত্তা তুলে নেওয়ার অভিযোগ তুলে মেয়র বলেন, এর পর থেকেই নিরাপত্তাহীনতা বেড়েছে।
মেয়র বলেন, নির্বাচনের পর থেকে আমার ক্ষতি করার জন্য একটি মহল কাজ করছে।
সিলেট মহানগর পুলিশ এ অভিযোগ অস্বীকার করে বলেছে,বুধবারও তার নিরাপত্তায় পুলিশ নিয়োজিত আছে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. আয়ুব জানান, মেয়রের নিরাপত্তায় এখনো পুলিশ দায়িত্ব পালন করছে।