[b]নৌয়াকচট:[/b] মৌরিতানিয়ায় বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) সম্পর্কে অবমাননাকর একটি প্রবন্ধ প্রকাশ হওয়ায় পর দেশটিতে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে।
মুহাম্মাদ শেখ ওয়ালাদ মুহাম্মাদ নামের ইসলাম-বিদ্বেষী এক লেখক সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ফেস বুকে ওই প্রবন্ধ পোস্ট করার পর দেশটির একটি বামপন্থী দৈনিকেও তা প্রকাশিত হয়। ব্যাপক প্রতিবাদের মুখে দেশটির নিরাপত্তা বাহিনী শেখ ওয়ালাদকে গ্রেফতার করেছে।
বিশ্বনবী (সা.)'র প্রতি অবমাননাকর এই ঘটনার পর প্রতিবাদ ও ক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ে এবং মৌরিতানিয়ার অনেক রাজনৈতিক দলও ওই প্রবন্ধ ও প্রবন্ধকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। এমনকি ওই লেখক শেখ ওয়ালাদের পরিবারের পক্ষ থেকেও গত রোববার আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে যে,তার পরিবার তাকে প্রত্যাখ্যান করেছে।
ওয়ালাদ যেন শিগগিরই তওবা করে নিজেকে পাপ ও অজ্ঞতার গর্তে তলিয়ে যাওয়া থেকে আত্মরক্ষা করে সেই আহ্বানও জানিয়েছে তার পরিবার। একইসঙ্গে তার পরিবার ইসলামসহ অন্যান্য ঐশী ধর্ম অবমাননার বিচারের জন্য বিশেষ আদালত গঠন করতে মৌরিতানিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে মৌরিতানিয়া সরকার সেদেশে বাক-স্বাধীনতার অপব্যবহার এবং ইসলামের পবিত্রতার অবমাননা ও জাতীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে।