[b]সিসিলি: [/b]নৌকায় করে ইউরোপ যাবার সময় এবার এক হাজারেও বেশি অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির নৌবাহিনী। চারটি নৌকায় করে তারা ইতালির সিসিলি দ্বীপের নিকট ভাসছিল বলে জানিয়েছে ইতালীয় নৌবাহিনী। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা ছিল বলে জানা গেছে। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার থেকে চালানো ২৪ ঘণ্টার এক অভিযানে তাদেরকে উদ্ধার করা হয়। ইতালির নৌবাহিনী জানিয়েছে, আশংকাজনক অবস্থায় চারটি নৌকা সিসিলির নিকট ভাসছিল।
নৌবাহিনীর হেলিকপ্টার প্রথমে নৌকাগুলোর অবস্থান শনাক্ত করে। এরপর সেখানে জাহাজ পাঠানো হয়। চারটি নৌকা থেকে ৮২৩ জন যাত্রীকে উদ্ধার করে জাহাজে করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এসব অবৈধ অভিবাসী মিশর, পাকিস্তান, ইরাক ও তিউনিশিয়া থেকে ইউরোপ যাচ্ছিলেন।
এ ছাড়া, সিসিলির পূর্ব উপকূলে আরেকটি অভিযানে ২৩৩ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়। এদের মধ্যে রয়েছেন ইরিত্রিয়া, নাইজেরিয়া, সোমালিয়া, জাম্বিয়া, মালি ও পাকিস্তানের নাগরিক।
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত ২০১৩ সালের অক্টোবরে ইতালির ভূমধ্যসাগরীয় দ্বীপ লাম্পেদোসায় ইরিত্রিয়ার অভিবাসীবাহী একটি নৌকাডুবিতে অন্তত ৩৬৬ জনের সলিল সমাধি ঘটে।
আফ্রিকার দারিদ্রপীড়িত দেশগুলো থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার প্রবণতা সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপকহারে বেড়ে গেছে। আফ্রিকার দেশ ছাড়াও সিরিয়ার গৃহযুদ্ধ থেকে বাঁচতে সাধারণ লোকজন ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা চালায়