[b]নেলসন:[/b] নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য তিনজন ক্রিকেটারকে দল অন্তর্ভুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক প্যানেল।
কোচ ওটিস গিবসন বিষয়টি নিশ্চিত করে বলেছেন লেগ স্পিনার স্যামুয়েল বাদ্রি, অল রাউন্ডার আন্দ্রে রাসেল এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার ক্যারিবীয়ান সতীর্থদের সাথে যোগ দেবার লক্ষ্যে ইতোমধ্যেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওয়ান হয়েছেন।
গিবসন বলেন, টি-টোয়েন্টি দলে তিনজন খেলোয়াড় আসছেন। স্যামুয়েল বাদ্রি, আন্দ্রে রাসেল এবং আন্দ্রে ফ্লেচার ইতোমধ্যেই রওয়ানা হয়েছেন। আগামী দুইদিনের মধ্যেই তারা দলের সাথে যোগ দিবেন। আশা করছি তারা যোগ দিলে দলীয় শক্তি বৃদ্ধি পাবে।
ওয়েস্ট ইন্ডিজ চলমান ওয়ানডে সিরিজে বৃষ্টি বিঘ্নিত চতুর্থ ম্যাচটিতে ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫৮ রানে পরাজিত হওয়ায় নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।
শুক্রবার নেট অনুশীলনের সময় সীমার রবি রামপাল আঙ্গুলে আঘাত পান। এর আগে মারলন স্যামুয়েলস এবং ড্যারেন স্যামি ইনজুরির কারণে পুরো সিরিজ থেকে ছিটকে পড়েন। এছাড়া ব্যক্তিগত কারনে ড্যারেন ব্র্যাভো দেশে ফিরে গেছেন। তবে গিবসন বলেছেন যেহেতু ইনজুরিটা রবির বামহাতে তাই এটা তার বোলিংয়ে কোন প্রভাব ফেলবে না। তবে স্যামির ব্যপারে দলীয় ব্যবস্থাপনা এখনো অপেক্ষায় আছে।
আগামী বুধবার হ্যামিল্টনে পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপরপরই ১১ জানুয়ারি অকল্যান্ডে প্রথম ও ১৫ জানুয়ারি ওয়েলিংটনে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।