[b]ঢাকা:[/b] দেশের চলামান রাজনৈতিক অস্থিরতার মধ্যে গত সপ্তাহে দেশের পুঁজিবাজারে টাকার পরিমাণে কমেছে লেনদেন। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ২৫ শতাংশ। তবে গত সপ্তাহের চেয়ে সূচক বেড়েছে আড়াই শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে।
সাপ্তাহিক বাজার বিশ্লেষনে দেখা গেছে, গত সপ্তাহে ডিএসইতে ৪ কার্যদিবস লেনদেন হয়েছে। সব কার্যদিবসেই ডিএসইতে সূচক বেড়েছে। অর্থাৎ গত সপ্তাহে ডিএসইতে সূচক বেড়েছে ১১৩.১৩ পয়েন্ট বা ২.৬৯ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে মোট ৩০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৯০টির দর, কমেছে ৭৪টির, অপরিবর্তিত রয়েছে ৩২টির এবং ৪টি কোম্পানির কোনো শেয়ার লেনদেন হয়নি।
গত সপ্তাহে ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। গত সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৪ শত ২৮ কোটি ৯৫ লাখ ৪২ হাজার ৯১২ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৪৪ কোটি ৪৭ লাখ ২৫ হাজার ৯৪৪ টাকা। আগের সপ্তাহের তুলনায় ৪৭৯ কোটি ৫১ লাখ ৮৩ হাজার ৩২ টাকা কম লেনদেন হয়েছে। গত সপ্তাহে ডিএসইতে গড় লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫৭ কোটি ২৩ লাখ ৮৫ হাজার ৭২৮ টাকা।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সপ্তাহজুড়ে ৪ কার্যদিবস লেনদেন হয়েছে। সার্বিকভাবে গত সপ্তাহে সিএসইতে সূচক বেড়েছে ২২৪.৩৬ পয়েন্ট বা ২.৭১ শতাংশ। গত সপ্তাহে সিএসইতে মোট ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।
গত সপ্তাহে সিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ১৬০ কোটি ৮৮ লাখ ৬৩ হাজার ৭০৫ টাকা। এর আগের সপ্তাহের লেনদেন হয়েছিল ৩৪৬ কোটি ৫২ লাখ ৭১ হাজার ৩১৯ টাকা। অর্থাৎ গত সপ্তাহে সিএসইতে লেনদেন কমেছে ১৮৫ কোটি ৬৪ লাখ ৭ হাজার ৬১৪ টাকা। আর সিএসইতে গড় লেনদেন দাড়িয়েছে ৪০ কোটি ২২ লাখ ১৫ হাজার ৯২৬ টাকা।
[font=Vrinda][b]টাইমনিউজবিডি/এসএমআর[/b] [/font]





