নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে নিখোঁজ ব্যবসায়ী সাইফুল ইসলামকে (৩৫) উদ্ধারে পুলিশকে ৩ ঘণ্টার  আলটিমেটাম দিয়েছে স্থানীয় লোকজন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে সাইফুলের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর পরিবারের দাবি, সাইফুলকে অপহরণ করা হয়েছে।
সাইফুলের সন্ধানের দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে সানারপাড় বাসস্ট্যান্ড বাজারের ব্যবসায়ী ও তাঁর স্বজনেরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় পুলিশ তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরাতে গেলে তাঁরা পুলিশকে তিন ঘণ্টার সময় বেঁধে দেন। এর মধ্যে জুমার নামাজের সময় হওয়ায় তাঁরা মহাসড়ক থেকে সরে যান। কিন্তু তিন ঘণ্টার মধ্যে সাইফুলকে উদ্ধার করতে না পারলে তাঁরা আবার মহাসড়ক অবরোধ করবেন বলে ঘোষণা দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকারিয়া বলেন, নিখোঁজ সাইফুলকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।
নারায়ণগঞ্জ থেকে গত রোববার একসঙ্গে সাত ব্যক্তি অপহূত হন। তাঁরা হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তাঁর বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তাঁর ব্যক্তিগত গাড়ির চালক ইব্রাহিম।
গত বুধবার দুপুরে শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও গতকাল একজনের লাশ উদ্ধার করা হয়। এর পর গতকাল রাতেই রাজধানীর মিরপুর উড়ালসড়ক থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম)// এএইচ[/b] [b]// জেআই[/b]