আশুলিয়া থানাধীন ভাদাইল এবং বসুন্ধরায় এক তরুণীসহ ২জনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আশুলিয়ার শ্রীপুর থেকে অজ্ঞাত আর এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার আশুলিয়ার ভাদাইল ও বসুন্ধরা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত আশুলিয়ার ভাদাইলে স্থানীয় চায়ের দোকানদার ওয়াজেদ আলীকে (৩৫) পিটিয়ে গুরতর জখম করে। আশঙ্কাজনক অবস্থায় ওয়াজেদ আলীকে সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া বাইপাইল বসুন্ধরা এলাকায় রানী আক্তার মিশু (২৫) নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ ।
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]