চিকিৎসক নির্যাতনের প্রতিবাদে আগামী ১৪ মে সারাদেশে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টা কর্মবিরতি পালনসহ ৪ দফা কর্মসূচির ঘোষণা দিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
সোমবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের মহাসচিব ইকবাল আর্সলান।
তিনি জানান, দেশব্যাপী চিকিৎসক নির্যাতনের প্রতিবাদে চার দফা কর্মসূচি পালন করবে বিএমএ। এ ৪ দফা কর্মসূচি হলো- ১৪ মে সকল চিকিৎসা প্রতিষ্ঠানে কালোব্যাজ ধারণ, ওই দিন রাজধানীর শাহবাগ চত্বরে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন, মানববন্ধন চলাকালে দেশব্যাপী চিকিৎসকদের এক ঘণ্টার কর্মবিরতি।
তবে এসময় জরুরি চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। আর পরের দিন ১৫ মে সব বিশেষজ্ঞ চিকিৎসকের প্রাইভেট চেম্বারে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে।
কর্মসূচি ঘোষণার সময় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমএ'র সভাপতি ডা. মাহমুদ হাসান, সহ-সভাপতি অধ্যাপক কামরুল হাসান খান, যুগ্ম-মহাসচিব এমএ আজিজ প্রমুখ।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]