[b]তেলআবিব:[/b] ইসরাইল ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধক ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে।  আমেরিকার সহায়তায় 'অ্যারো ৩' নামের এই অত্যাধুনিক মিসাইল প্রতিরোধক ব্যবস্থাটির শুক্রবার পরীক্ষা চালানো হয়। খবর রয়টার্সের।
ইরান, সিরিয়া ও লেবাননের যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহর হুমকির মুখে এই পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইল।
'অ্যারো-৩' নামের এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থাটি পৃথিবীর বায়ুমন্ডলের উপর দিয়ে আঘাত হানা যেকোন ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে পারবে। রাসায়নিক, জীবাণু অস্ত্র এমনকি পারমাণবিক বোমাকেও প্রতিহত করতে সক্ষম 'অ্যারো-৩'। অ্যারো-৩ মূলত কামিকাজ স্যাটেলাইট উৎক্ষেপণের উদ্দেশে তৈরি করা হয়।
ইসরাইলের আশংকা, ইরান ও সিরিয়ার দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র হিজবুল্লাহর হাতেও পড়তে পারে। তাই এ ব্যবস্থা নিতে যাচ্ছে ইসরাইল। আগামী বছর নাগাদ  মোতায়েন করা হতে পারে 'অ্যারো-৩'।
ভূমধ্যসাগরের দিকে পরীক্ষা চালানো হয় 'অ্যারো-৩'-এর। এ সময় মার্কিন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রায় এক দশক আগে 'অ্যারো-২' নামের একটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থার সর্বশেষ সংস্করণ এটি। 'অ্যারো-২'-এর চেয়েও এটি ৯০ ভাগ বেশি সফল হয়েছে বলে জানিয়েছে ইসরাইল।
ইসরাইলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই)-এর তত্ত্বাবধানে পেন্টাগন ও মার্কিন বোয়িং বিমান নির্মাতা প্রতিষ্ঠান বিএএন যৌথভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে