ঝিনাইদহ সদর উপজেলায় সাধুহাটি শ্মশানঘাটের পাশে ভুট্টা ক্ষেত থেকে  আব্দুল আজিজ (৪০) নামে এক বিএনপি কর্মীর  গলা কাটা লাশ উদ্ধার করা হয়।
আজ সকালে এ লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আজিজ জেলার হরিনাকুণ্ডু উপজেলার ভুইয়া পাড়া গ্রামের মৃত আবু তালেব মণ্ডলের ছেলে। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।
পরিবারের সদস্যরা আরো জানায়, সে বিএনপির কর্মী ছিল।
জেলার হরিনাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের ভুইয়া পাড়া গ্রামের আব্দুল আজিজকে রোববার দিবাগত রাত দেড়টার দিকে একদল অস্ত্রধারী নিজ বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এরপর রাতে তাকে আর পাওয়া যায়নি বলে জানান ঝিনাইদহের ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইমরুল হোসেন।
সকালে শ্মশানঘাটের পাশের একটি ভুট্টা ক্ষেতে আব্দুল আজিজের গলা কাটা লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ তাকে হত্যা করতে পারে বলে পুলিশ ধারণা করছে।
ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, নিহত আব্দুল আজিজ পূর্বে চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির (হক গ্রুপ) সদস্য ছিল। তবে বর্তমানে সে বিএনপির সাথে জড়িত ছিল বলে তার পরিবারের দাবি।
সম্প্রতি দৌলতপুর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আবুল হোসেন দিনদুপুরে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন। আগামী ১২ মার্চ ইউনিয়নটিতে চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা । ইউপি নির্বাচনের সাথে এ হত্যার যোগসূত্র থাকতে পারে বলে এলাকাবাসীর ধারণা।
[b]ঝিনাইদহ,১০মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]