[b]কুষ্টিয়া:[/b] জেলার মিরপুরে একটি মন্দির ও বিএনপি অফিসসহ ৮টি প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়েছে দুবৃর্ত্তরা।
সোমববার রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা মিরপুর বাসষ্ট্যান্ডে উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করে।
এসময় কার্যালয়ের আগুনে মার্কেটের আরো ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে উপজেলা বিএনপির কার্যালয়, ওলিউর রহমানের টেইলার্স, মিজানুর রহমানের দোকান, আব্দুল আউয়ালের মুদি ষ্টোর, সালেহীন কবির মুসার শেখ এন্টারপ্রাইজ, এম এ রশিদ চৌধুরী ইনুর হার্ডওয়ার, এরশাদ আলীর কাঠের দোকান পুড়ে যায়।
অগ্নিকান্ডের বিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রহমত আলী রব্বান জানান, আওয়ামী লীগের দুবৃর্ত্তরা পরিকল্পিতভাবে উপজেলা বিএনপির কার্যালয় ভেঙ্গে টিভিসহ মূল্যবান জিনিসপত্র বের করে নিয়ে আগুন ধরিয়ে দেয়।
এসময় দুর্বৃত্তরা উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের দাসপাড়া গ্রামে সার্বজনীন পূর্জা মন্দিরে অগ্নিসংযোগ করে। এতে মন্দিরের আংশিক ক্ষতি হয় বলে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস জানান।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার আলম হোসেন জানান, অগ্নিকাণ্ডের কারণ পরিষ্কারভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে অবকাঠামো ও মালামালের ক্ষয়ক্ষতির পরিমাণ পনের লক্ষাধিক টাকা হতে পারে।