আগামী শুক্রবার নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব-২০১৪ শুরু হবে।
বুধবার সচিবালয়ে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এ তথ্য জানান।
লিখিত বক্তব্যে মন্ত্রী জানান, মেলায় অংশ নিচ্ছেন প্রত্যন্ত অঞ্চলের ৪৪ জন কারুশিল্পী। তাদের জন্য ২০টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। এ ছাড়া মেলায় ঠাই পাচ্ছে হস্তশিল্পের ৪৯টি, পোশাকের ৪০টি, স্টেশনারি ও কসমেটিক্সের ৩৬টি, খাবার ও চটপটির ২৫টি, মিষ্টির ১২টি এবং দুটি সংরক্ষিত স্টলসহ ১৮৪টি স্টল।
মন্ত্রী জানান, মেলায় অংশ নিচ্ছে ঝিনাইদহ ও মাগুরার শোলাশিল্প, রাজশাহীর শখের হাঁড়ি, চট্টগ্রামের নকশিকাঁথা, রংপুরের শতরঞ্জি, সোনারগাঁওয়ের হাতি, ঘোড়া, পুতুল ও কাঠের কারুশিল্প, নকশিকাঁথা, নকশি হাতপাখা, সিলেটের শীতলপাটি, ধারমরাইয়ের তামা-কাঁসা ও পিতলের কারুশিল্প, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের কারুপণ্য, কিশোরগঞ্জের টেরাকোটাশিল্প, টাঙ্গাইলের বাঁশের কারুশিল্প  ইত্যাদি।
এছাড়া বাউল, পালা, কবি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি, সারি, হাছন রাজার গান, লালন, মাইজভাণ্ডারি, মুর্শিদি, আলকাপ, গায়ে হলুদের গানেরও আয়োজন করা হয়েছে। বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান, ছড়া পাঠের আসর, পুঁথিপাঠ, ঘুড়ি ওড়ানো, বিভিন্ন ধরনের গ্রামীণ খেলারও আয়োজন করা হবে।
আমাদের আবহমান লোকজ ঐতিহ্য ও সংস্কৃতির উপস্থাপন, লালন, বিকাশ ও উন্নয়নে লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে বলে মন্তব্য করেন মন্ত্রী।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]