সংগঠনের প্রচার সম্পাদক হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সমাবেশে সভাপতিত্ব করবেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান।
মে দিবসকে সামনে রেখে আয়োজিত এই সমাবেশে দেশের শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিক কল্যাণ নিশ্চিতের বিভিন্ন দাবি তুলে ধরা হবে বলে জানা গেছে। আয়োজকরা আশা করছেন, বিপুলসংখ্যক শ্রমিক ও সমর্থক এ কর্মসূচিতে অংশ নেবেন।
প্রতি বছর ১ মে বিশ্বব্যাপী ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ পালিত হয় শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের স্মরণে। বাংলাদেশেও দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়ে থাকে। এ প্রেক্ষাপটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের এ সমাবেশকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও শ্রমিকসমাজকেন্দ্রিক আয়োজন হিসেবে দেখা হচ্ছে।
আয়োজকদের মতে, বর্তমান সময়ে শ্রমিকদের নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়া জরুরি। সমাবেশ থেকে শ্রমিকদের অধিকার রক্ষায় ভবিষ্যৎ করণীয় ও কর্মপন্থা ঘোষণা করা হতে পারে।
রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় আয়োজিত এ কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ও জনসমাগম ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।
এমএম