উপজেলা নির্বাচনে সহিংসতার দায় নির্বাচন কমিশনের নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ। আজ (বুধবার) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রায় দেড় মাস আমেরিকায় স্বপরিবারে ছুটি কাটিয়ে দেশে ফিরে এটাই সিইসির প্রথম সংবাদ সম্মেলন। তার ব্যক্তিগত ছুটির কারণে বিগত উপজেলা নির্বাচনে কোন প্রভাব পড়েনি বলেও দাবি করেন সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ।
পাঁচ দফায় অনুষ্ঠিত বিগত চতুর্থ উপজেলা পরিষদের নির্বাচনে ব্যাপক কারচুপি, সহিংসতা ও অনিয়মের বিষয়ে প্রশ্ন করা হলে সিইসি বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন করা, সহিংসতার দায় নির্বাচন কমিশনের নয়।
সংবাদ সম্মেলনে চতুর্থ উপজেলা পরিষদের ষষ্ঠ ধাপের ১৪ উপজেলার নির্বাচনী তফসিলও ঘোষণা করেন সিইসি। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী এসব উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৪ এপ্রিল ২০১৪, যাচাই বাচাই ২৬ এপ্রিল ২০১৪ এবং মনোনয়নপত্র প্রত্যাহার শেষ তারিখ ৩ মে ২০১৪ নর্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়ে পাঁচ দফায় মোট ৪৫৮টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৩টি উপজেলায় সীমানা সংক্রান্ত জটিলতা, আদালতের নিষেধাজ্ঞা ও মেয়াদ শেষ না হওয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেবি [/b]
শ্রেণীহীন
উপজেলা নির্বাচনে সহিংসতার দায় নির্বাচন কমিশনের নয়: সিইসি
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে ১৪টি উপজেলায় আগামী ১৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ





