[b]ঢাকা: [/b]মহানবী (সাঃ) মানব জাতির জন্য এক  উজ্জল অনুসরণীয় আদর্শ বলে অভিহিত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি নিজ যোগ্যতা, সততা, মহানুভবতা, সহনশীলতা, কঠোর পরিশ্রম, আত্মপ্রত্যয়, অসীম সাহস, ধৈর্য্য, সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস, নিষ্ঠা ও অপরিসীম দুঃখ যন্ত্রনা ভোগ করে তার উপর অবতীর্ণ সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনের বাণী তথা তাওহীদ প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করেন।
সোমবার সন্ধ্যায় বিএনপির সহ-দফতর সম্পাদক মো. আব্দুল লতিফ জনি  ‍স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন।
বাণীতে তিনি পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, মহান আল্লাহ্ বিশ্ব জগতের রহমত স্বরূপ হযরত মুহাম্মদ (সাঃ) কে পৃথিবীতে প্রেরণ করেন।
বিশ্বনবীর আবির্ভাবে পৃথিবীতে মানুষ ইহলৌকিক ও পরলৌকিক জগতের মুক্তির সন্ধান পায় এবং নিজেদের কল্যাণ ও শান্তির নিশ্চয়তা লাভ করে। সমাজে বিদ্যমান শত অনাচার ও কদর্যতার গ্লানি  উপেক্ষা করে মহানবী মোহাম্মাদুর রাসুলুল্লাহ্ (সাঃ) মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করেন।

তিনি আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগ দুর করে অত্যাচার ও জুলুম-নির্যাতন বরণ করে সত্য ও ন্যায়কে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। সমাজে অবহেলিত, নির্যাতিত, বঞ্চিত ও দু:খী মানুষের সেবা, একে অপরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, পরমত সহিষ্ণুতা, দয়া ও ক্ষমাগুণ, শিশুদের প্রতি দায়িত্ব এবং নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠায় মহানবী (সাঃ) এর আদর্শ অতুলনীয় এবং তাই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে অভিষিক্ত।
তিনি আরো বলেন, ‘আমি আল্লাহ রাব্বুল আল-আমিনের নিকট প্রার্থনা করি মহানবী (সাঃ) এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমা আমরা সবাই যেন নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারি। আমি শেষ নবী সাইয়েদুল মুরছালিন হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্য অসংখ্য দুরুদ ও তাঁর প্রতি সালাম জানাই।’
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স:) উপলক্ষে অপর এক বাণীতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিশ্ব মানবের নিকট এক আলোকিত বিস্ময় হযরত মোহাম্মদ (সাঃ)। পরম সত্যের সন্ধানে নিজেকে নিয়োজিত রেখে তিনি ৪০ বছর বয়সে নবুয়াত লাভ করেন। কঠোর সংগ্রামের মধ্যে দিয়ে তিনি তাওহিদের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেন। অনন্য সাধারণ ব্যক্তি, অনুপম আচরণ, সৃষ্টির প্রতি অগাধ প্রেম ও ভালবাসা, অতুলনীয়  বিশ্বস্ততা, সীমাহীন দয়া ও ক্ষমার জন্য তিনি মাবজাতির এক অনুকরণীয় আদর্শ।
আমরা যেন সবাই নিজেদের জীবনে তাঁর আদর্শ ও কর্মজীবন অনুসরণ করে সত্যিকার মোমিন-মুসলমান হিসেবে নিজেদের গড়ে তুলতে পারি, এই জন্য  আল্লাহ রাব্বুল আল-আমিনের নিকট মুনাজাত করি। আমি শেষ নবী সাইয়েদুল মুরসালিন হযরত মোহাম্মদ (সাঃ)‘র প্রতি সালাম জানাই।