মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসি বিশ্বের ২০০ জন প্রভাবশালী ব্যক্তির একটি তালিকা তৈরি করেছে৷ অনলাইন ভোটাভুটির মাধ্যমে এই তালিকা থেকে শীর্ষ ২৫ জনকে বাছাই করা হবে৷ বাংলাদেশের নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসও রয়েছেন তালিকায়৷
সিএনবিসির তালিকায় বাংলাদেশের একমাত্র নোবেল জয়ীর নাম থাকার বিষয়টি ফেসবুকে জানায় ‘মুহাম্মদ ইউনূস' শিরোনামের একটি ফেসবুক পাতা৷ এক লাখ সত্তর হাজারের বেশি ভক্ত সমৃদ্ধ এই পাতাটি অধ্যাপক ইউনূসের আনুষ্ঠানিক বা ফেসবুক স্বীকৃত কোনো পাতা নয়৷ পাতাটি তার ভক্তদের৷ এই পাতায় সিএনবিসির লোগো যুক্ত একটি ছবি প্রকাশ করা হয় এবং একইসঙ্গে অধ্যাপক ইউনূসের পক্ষে ভোট চাওয়া হয়েছে৷
মূলত ক্ষুদ্রঋণের পথিকৃৎ হিসেবে তালিকায় মুহাম্মদ ইউনূসের নাম রয়েছে৷ আর তার সঙ্গে রয়েছেন স্টিভ জবস, বিল গেটস, মার্ক সাকারবার্গসহ আরও বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তি৷ বাংলাদেশ সময় শুক্রবার রাত পর্যন্ত ভোটাভুটির ফলাফলে দেখা গেছে, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ভোটের হিসেবে এখনো বেশ পিছিয়ে আছেন৷ তবে শুক্রবার সারাদিনে তার পক্ষে ভোট বেড়েছে প্রায় শূন্য দশমিক ২০ শতাংশ৷ ভোটের হিসেবে তালিকার শীর্ষে রয়েছেন ‘আইগড' খ্যাত অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবস৷
[b]ঢাকা, ৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম)//ইএইচ[/b]