[b]ঢাকা:[/b] হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক বিভাগ। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
আটক যাত্রী সাইদুর রহমান (৩০)সিঙ্গাপুর যাচ্ছিলেন।
গোপন সংবাদ পেয়ে শুল্ক বিভাগের সহকারী কমিশনার মাধব বিকাশ দেব রায়ের নেতৃত্বে একটি দল সাইদুর রহমানকে ৩ নম্বর বোর্ডিং ব্রিজের সামনে থেকে আটক করে। ব্যাগটি তল্লাশি চালিয়ে ইউরো, সৌদি রিয়াল ও কাতারের রিয়াল, ইউএই দিরহাম এবং ব্রুনাইয়ের ডলার পাওয়া যায়, যা বাংলাদেশের ৫০ লাখ টাকার সমপরিমাণ।
শুল্ক বিভাগের সহকারী কমিশনার মাধব বিকাশ দেব রায় প্রথম আলোকে জানান, একটি ট্রলি ব্যাগের ভেতরে দুই পাশে বিদেশি মুদ্রাগুলো রেখেছিলেন সাইদুর রহমান। বৃহস্পতিবার রাত আটটা ৫৫ মিনিটে টাইগার এয়ারওয়েজের একটি ফ্লাইটে সিঙ্গাপুর যাচ্ছিলেন সাইদুর।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।