আগামী ৯ এপ্রিল বুধবার চতুর্থ ও পঞ্চম দফায় স্থগিত ২১ কেন্দ্রের পুন:ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্র জানায়, চতুর্থ উপজেলা নির্বাচনে প্রথম থেকে পঞ্চম দফা পর্যন্ত প্রতি ভোট কেন্দ্রে একজন পুলিশ (অস্ত্রসহ), অঙ্গীভূত আনসার একজন (অস্ত্রসহ), অঙ্গীভূত আনসার ১০ জন (নারী-৪, পুরুষ-৬ জন) এবং আনসার একজন (লাঠিসহ) ও গ্রামপুলিশ একজন করে আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেছে।
সুষ্ঠু নির্বাচনের জন্য আগামী বুধবার ভোট গ্রহণের দিন এসব কেন্দ্রে দ্বিগুণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
আর বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি, র্যা ব ও পুলিশের শীর্ষ কর্মকর্তা বরাবর  ইতোমধ্যে চিঠি দিয়েছে ইসি। পাশাপাশি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের সুষ্ঠুভাবে ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে ।
গত ২৩ ও ৩১ মার্চ ব্যাপক সহিংসতার কারণে এই ২১ কেন্দ্রের ফল স্থগিত করে নির্বাচন কমিশন। আর  যাতে সহিংসতার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য আগাম প্রস্তুতি নেয়া হয়েছে। চার উপজেলায় স্থগিত ২১ কেন্দ্রের মধ্যে মুন্সীগঞ্জের গজারিয়ার ৯টি কেন্দ্রে ২৩ মার্চ সহিংসতার কারণে স্থগিত করা হয়।
এছাড়া লক্ষ্মীপুর সদর উপজেলায় চারটি, নরসিংদী সদর উপজেলায় তিনটি ও নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় পাঁচটি ভোটকেন্দ্র স্থগিত করা হয়। সহিংসতার আশঙ্কায় এরই মধ্যে সব কেন্দ্রকেই বেশি ঝুঁকিপূর্ণ বিবেচনা করে দ্বিগুণ ফোর্স মোতায়েন করা হচ্ছে।
পাশপাশি এসব উপজেলার মধ্যে কর্মকর্তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন কিনা, তা-ও সতর্কভাবে পর্যবেক্ষণ করছে ইসি। এরইমধ্যে নানা অভিযোগে গজারিয়ার এসপি এবং ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার স্থগিত ৯ কেন্দ্রের জন্য নিরাপত্তা ব্যবস্থা দ্বিগুণ করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে চিঠি দিয়েছে ইসি। চিঠিতে ৯ এপ্রিল এসব স্থগিত কেন্দ্রে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ উপজেলায় ভোটগ্রহণের দিন সহিংসতায় একজন নিহত হয়েছেন। এছাড়া পুলিশের এএসআই এমদাদের কাছে শারীরিকভাবে লাঞ্ছিত হন মুন্সীগঞ্জের টিএনও ও সহকারী রিটার্নিং অফিসার ড. এটিএম মাহাবুবুল করীম। এ ঘটনা ও দায়িত্বে অবহেলার কারণে গজারিয়া উপজেলার ওসিকে প্রত্যাহার করে ইসি।
গজারিয়া উপজেলার স্থগিত কেন্দ্রগুলো হচ্ছে বালুয়াকান্দি আবদুল গাফফার স্কুল অ্যান্ড কলেজ, ২৫ পুরাচক বাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৮ আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২০নং কৈক্ষারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়,
লক্ষ্মীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গজারিয়া পাইলট উচ্চ বিদ্যালয় ও বাঘাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রেফায়েতউল্লাহ খান তোতা আওয়ামী বিদ্রোহী প্রার্থী আমিরুল ইসলামের চেয়ে প্রায় ১২ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।
এদিকে ৩১ মার্চ লক্ষ্মীপুর, নরসিংদী ও সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের ফল ঘোষণা করা হয়। কিন্তু ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটের পার্থক্য কম হওয়ায় স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। রোববার নির্বাচন আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের ইসি সচিবালয়ের সহকারী সচিব মাজহারুল ইসলাম বলেন, আগামী  বুধবার  চতুর্থ ও পঞ্চম দফার স্থগিত ২১ কেন্দ্রের পুনর্ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।  নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
[b]ঢাকা, এএম, ৬ এপ্র্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]