কক্সবাজার জেলার ১০৭ সদস্যকে একযোগে বদলি করা হয়েছে। জেলাব্যাপী ইয়াবা বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রাখতে প্রশাসনের পক্ষ থেকে নতুন কৌশলের অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে।
বদলি হওয়া পুলিশ সদস্যদের মধ্যে উপ পরিদর্শক (এসআই) রয়েছেন ১৬ জন, সহকারী উপ পরিদর্শক (এএসআই) ১৭ জন এবং কনস্টেবল রয়েছেন ৭৪ জন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ ১০৭ পুলিশ সদস্যের বদলির সত্যতা নিশ্চিত করেছেন। তবে ঠিক কি কারণে তাদেরকে বদলি করা হয়েছে তা বলেননি।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, দীর্ঘদিন পরে হলেও ইয়াবা পাচার রোধে কক্সবাজার জেলার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বর্তমানে কঠোর অবস্থানে রয়েছেন। কোনোভাবে যাতে ইয়াবা পাচার করতে না পারে তার জন্য বিশেষ অভিযানও শুরু হয় গত এক মাস ধরে।
এতে ইয়াবা বিরোধী বিশেষ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৬ জন ইয়াবা শীর্ষ ব্যবসায়ী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ৮ জন। এ ঘটনার পর ইয়াবার চিহ্নিত গডফাদাররা আত্মগোপনে চলে গেলেও বন্ধ হয়নি ইয়াবা পাচার। বরং নতুন কৌশলে ইয়াবা পাচার অব্যাহত রাখা হয়েছে।
সূত্র জানিয়েছে, আরো বেশ কয়েকজনের বদলির প্রক্রিয়া চলছে।
এর আগে কক্সবাজার জেলার ৫ জন ওসিকে একযোগে বদলি করা হয়। বদলি হওয়া ওসিরা হলেন- টেকনাফ থানার রণজিত কুমার বড়ুয়া, উখিয়া থানার জাহিদুল কবির, রামু থানার অপেলা রাজু নাহা, কক্সবাজার সদর মডেল থানার জসিম উদ্দিন ও চকরিয়া থানার ফরহাদ হোসেন। এরই মধ্যে ওইসব থানায় নতুন ৫ জন ওসি যোগদান করেছেন বলে জানা গেছে।
ঢাকা, ৫মে (টাইমনিউজবিডি) //জেডআই