ঢাকা: মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এ পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
টাঙ্গাইলের মধুপুরে ভটভটির চাপায় পিষ্ট হয়ে মল্লিকা(১০) নামের এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত মল্লিকা উপজেলার লোকদেও গ্রামের হায়দার আলীর মেয়ে।
সকাল ৯টার দিকে মধুপুরের কাইতকাই মালেকের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,মল্লিকা মাদ্রাসায় কোরআন পড়তে যাওয়ার পথে নদী পার হয়ে রাস্তায় উঠার সময় একটি ভটভটি দুর্ঘটনা কবলিত হয়ে নদীর পড়ে যাচ্ছিল। ওই ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মল্লিকার মৃত্যু হয়।
সকাল ৯টার দিকে  ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে পাকুন্দিয়া উপজেলা মাইজহাটি এলাকায় পল্লী বিদ্যুৎ সংলগ্ন  ভৈরবগামী শ্যামল ছায়া বাসের সাথে কিশোরগঞ্জগামী সিএনজি (নং- কিশোরগঞ্জ থ-১১-০০০৯)  এর মুখোমুখি সংঘর্ষ  হয়। এতে ঘটনাস্থলেই মনির হুসেন নামে  একজন নিহত হন। মেডিকেল নেয়ার পথে মারা যায় আরো দুইজন । আহতদের একজনকে কিশোরগঞ্জ  ও দুই জনকে ভাগলপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতদের লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মরগে পাঠানো হয়েছে। বাসটি আটক করা যায়নি।
এছাড়া চট্টগ্রাম মহাসড়কের ফেনীর হাফেজিয়া নামক স্থানে ট্রাকের নিচে চাপা পড়ে চালক নিহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি। সোমবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
রাতে ট্রাকটি হাফেজিয়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ধাওয়া দেয়। এ সময় চালক আতঙ্কে লাফ দিয়ে নামার সময় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ তার লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।