চতুর্থ উপজেলা নির্বাচনের পাঁচ দফায় ব্যাপক সহিংসতা ও অনিয়ম হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে (ইসি)। আর এ অবস্থা থেকে উত্তরণের জন্য ষষ্ঠ দফা উপজেলা নির্বাচনের এবার নিজস্ব পর্যবেক্ষক রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি। আগামী ১৯ মে ষষ্ঠ দফায় ১৩টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশের ৪৮৭ উপজেলার মধ্যে এরইমধ্যে ৪৫৯টি উপজেলার নির্বাচন শেষ হয়েছে। এসব উপজেলায় ব্যাপক সহিংসতা, ভোট জালিয়াতি, কারচুপি, কেন্দ্র দখল আর বর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে ভোটগ্রহণ। এসব কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে। তাই অবশিষ্ট উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে নিজেদের ইমেজ রক্ষা করতে চায় ইসি। আর এ জন্যই ষষ্ঠ দফা উপজেলা নির্বাচনে নিজস্ব পর্যবেক্ষক রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
ইসি সূত্র জানায়, সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), ৩ নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিবসহ ইসির কর্মকর্তাদের নিয়ে ষষ্ঠ দফা উপজেলা নির্বাচন নিয়ে এক জরুরী বৈঠক করেন । বৈঠকে সদ্য সমাপ্ত চতুর্থ উপজেলা নির্বাচনের পাঁচ দফা নির্বাচন নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও বৈঠকে পাঁচ দফা নির্বাচনের যেসব সহিংসতা ও অনিয়মের ঘটনা ঘটেছে তা নিয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনকে আর কোন সমালোচনার মুখে পড়তে না হয় সেজন্য যে কোন মূল্যে ৬ষ্ঠ দফা উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্নের সিদ্ধান্ত নেয়া হয়। পাশপাশি নিজস্ব পর্যবেক্ষক রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি)মো. শাহ নেওয়াজ বলেন, ষষ্ঠ দফা উপজেলা নির্বাচন আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে। এ সময় আমাদের (নির্বাচন কমিশনের) নিজস্ব পর্যবেক্ষক থাকবে। আর এ নির্বাচন পর্যবেক্ষকের দায়িত্ব দেয়া হবে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের।
তিনি বলেন, নির্বাচনে কোন অনিয়ম হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি এম হাফিজ উদ্দিন খান বলেন, উপজেলা নির্বাচনের ৬ষ্ঠ দফায় নিজস্ব পর্যবেক্ষক রাখার যে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন তা খুবই প্রশংসনীয়। তবে উপজেলা নির্বাচনের শুরু থেকে ইসির নিজস্ব পর্যবেক্ষক রাখা উচিৎ ছিল। শুরু থেকে পর্যবেক্ষক থাকতো তাহলে উপজেলা নির্বাচনে যে সহিংসতা ও অনিয়ম হয়েছে তার চেয়ে অনেকটাই কম হতো ।
৬ষ্ঠ দফায় আগামী ১৯ মে ১৩ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।যে ১৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো- রংপুরের কাউনিয়া, সদর, গঙ্গাচড়া, পীরগাছা, সিরাজগঞ্জের কামারখন্দ, বরগুনার তালতলি, রাজবাড়ীর কালুখালী, নারায়ণগঞ্জের বন্দর,গাজীপুরের সদর, টাঙ্গাইলের বাসাইল, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা। এছাড়াও ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হওয়ার ওই একই তফসিলে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
[b]ঢাকা,এএম, ৬ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ [/b]
শ্রেণীহীন
ইমেজ রক্ষায় এবার পর্যবেক্ষক নামাচ্ছে ইসি
দেশের ৪৮৭ উপজেলার মধ্যে এরইমধ্যে ৪৫৯টি উপজেলার নির্বাচন শেষ হয়েছে। এসব উপজেলায় ব্যাপক সহিংসতা, ভোট জালিয়াতি, কারচুপি, কেন্দ্র দখল আর বর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে ভোটগ্রহণ। এসব কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে।





