[b]ঢাকা: [/b]দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি বেড়ে গেছে। ২০১২ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসের তুলনায় ২০১৩ সালের একই সময়ে আমদানি বেড়েছে ১৫ দশমিক ২৭ শতাংশ। এতে এটা প্রতীয়মান হচ্ছে যে, দেশে সার্বিকভাবে উৎপাদন কমে গেছে। যা দেশের জন্য দুঃসংবাদ বলে মন্তব্য করছেন অর্থনীতিবিদরা।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২০১৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আমদানি করা ২৬টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের (চাল, ডাল, তেলসহ ২৬টি) এলসি নিষ্পত্তি হয়েছে ৮ হাজার ৬৯৪টি। এতে মালামালের পরিমাণ ছিল ৩৫ লাখ ৬৬ হাজার ৫৮৪ দশমিক ৬৭ মেট্রিক টন।
২০১২ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এলসি নিষ্পত্তি হয়েছে ৬ হাজার ৮১৯টি। যার পরিমাণ ছিল ৩০ লাখ ৯৪ হাজার ৯৮ দশমিক ১ মেট্রিক টন।
সূত্রটি আরো জানায়, ২০১৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আমদানি করা ২৬ টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য (চাল, ডাল, তেলসহ ২৬টি) ১৩ হাজার ৭৪৯ কোটি ৬৭ লাখ ২৩ হাজার টাকা। ২০১২ সালের এ সময়ে আমদানি করা পণ্যের মূল্য ১২ হাজার ৬৪৪ কোটি ৮৬ লাখ ১৩ হাজার ১৪০ টাকা। সুতরাং এ সময়ের ব্যবধানে আমদানি ব্যয় বেড়েছে ৮ দশমিক ৭৪ শতাংশ।
এদিকে, ২০১৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এলসি খোলা হয়েছে ৬ হাজার ৮৫৫টি। ২০১২ সালের এ সময়ে এলসি খোলা হয়েছে ৪ হাজার ৯৪১টি।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ এ প্রসঙ্গে বলেন, ভোক্তার পণ্য আমদানি বেড়ে যাওয়া মোটেও সুখবর নয়। যদি মেশিনারিজ পণ্যের আমদানি বাড়ত সেটা ছিল দেশের জন্য কল্যাণকর।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]