[b]ঢাকা :[/b] নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন,সংখ্যালঘুদের উপর হামলার দায় বিরোধী দলের নেতাকর্মীদের উপর চাপানো হচ্ছে। যারা মামালার ভয়ে ঘরেই থাকতে পারে না, তারা কিভাবে সংখ্যালঘুদের উপর হামলা করবে।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্য আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৫ তারিখের নির্বাচনের পরে সংখ্যালঘুদের উপর যে সহিংসতা হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে দোষীদরকে শাস্তির আওতায় আনতে হবে। কঠোর হওয়ার কথা শুধু মুখে বললে হবে না, বরং তা বাস্তবায়ন করে দেখানোর কথাও বলেন তিনি।
বিরোধী দলের নেতাকে সাম্প্রদায়িক রাজনীতি ছেড়ে অসাম্প্রদায়িক এবং গণতন্ত্রের দিকে আসার আহবান জানান মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে দেশের সাধারণ মানুষ ভোট দেয়নি। তাই এই নির্বাচন বাদ দিয়ে পুনঃনির্বাচনের দিন।
তিনি হরতাল এবং অবরোধ দিয়ে জনগণের দুর্ভোগ তৈরি না করার আহবানও জানান।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আবু বকর সিদ্দিক, উত্তরের আহবায়ক শহিদুল্লাহ কায়সার।