ছাতক লাফার্জ সুরমা সিমেন্ট কারখানায় শ্রমিক অসন্তোষ তীব্র আকার ধারণ করেছে। বিভিন্ন সেক্টরের শতাধিক শ্রমিক বেতন-ভাতা বৃদ্ধি ও উৎসবভাতা প্রদানের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে।
শনিবার সকালে লাফার্জের প্রধান গেটে বিক্ষোভ করে কর্মবিরতি ঘোষণা করেন শ্রমিকরা। টানা দু'দিন কর্মবিরতি করে আজ সোমবারও কাজে যোগ দেয়নি শ্রমিকরা।
লাফার্জের নির্ধারিত ঠিকাদারি প্রতিষ্ঠান শাহজাহান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়াকর্সের ৬৫ জন ও এইচআর এন্টারপ্রাইজের ৫৪ জন শ্রমিক কর্মবিরতি পালন করছে।
লাফার্জের নাম উল্লেখ করে আইডি কার্ড প্রদান, শতকরা ৩০ ভাগ বেতন বৃদ্ধিকরণ, উৎসবভাতা প্রদান, ওভারটাইম বৃদ্ধি ও দুটি ইউনিফর্মসহ বিভিন্ন দাবিতে গত বছরের ৩১ ডিসেম্বর স্ব-স্ব ঠিকাদারি প্রতিষ্ঠান বরাবরে বিভিন্ন সেক্টরের ১১৯ জন শ্রমিক লিখিত আবেদন করে।
অনুলিপি লাফার্জ সুরমা শ্রমিক ইউনিয়নে প্রদান করা হয়। আবেদনের এক মাসেরও অধিক সময় পেরিয়ে গেলেও  কোনো ব্যবস্থা গ্রহণ না করায় শনিবার সকাল থেকে শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয়। একই দাবিতে ১ জানুয়ারি থেকে ১১ জন ইলেকট্রিশিয়ান কর্মবিরতি পালন অব্যাহত রেখেছেন।
[b]
সুনামগঞ্জ, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//ইএইচ[/b]