[b]ঢাকা: [/b]শিল্পায়নের চলমান ধারা অব্যাহত রাখতে খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় বন্ধ হয়ে থাকা কল- কারখানাগুলো চালুর প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এ লক্ষ্যে বর্তমান সরকার বাস্তবতার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
শিল্পমন্ত্রী আজ সোমবার প্রথম কর্মদিবসে শিল্প মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান। এ সময় শিল্প সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্সহ শিল্প মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সেক্টর করপোরেশনের প্রধানরা উপস্থিত ছিলেন।
আমির হোসেন আমু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবে রূপায়ন করতে হলে, শিল্পসমৃদ্ধ দেশ গড়ে তুলতে হবে। গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিল্পখাতে কাঙ্খিত অগ্রগতি অর্জিত হয়েছে। দেশের তৈরি পোশাক শিল্প নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে তিনি উল্লেখ করেন। বর্তমান সরকার এসব ষড়যন্ত্র মোকাবেলা করে শিল্পায়নের ধারা অব্যাহত রাখবে তিনি জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, কোন দল নির্বাচনে অংশ নিল বা না নিল, তার ওপর সরকারের গ্রহণযোগ্যতা নির্ভর করে না। সরকারের গ্রহণযোগ্যতার বিষয়টি জনগণের সমর্থনের ওপর নির্ভর করে। জাতীয় স্বার্থে বড় প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখা জরুরি বলে তিনি মন্তব্য করেন। দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামীলীগ ও এর ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর ঐতিহাসিক ভূমিকা উল্লেখ করে বর্তমান সরকারও জনগণের উন্নয়ন আকাঙ্খা পূরণে সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে শিল্প মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি ও সিবিএ’র পক্ষ থেকে নবাগত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে তিনি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। দেশের শিল্পখাত গতিশীল করতে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
শ্রেণীহীন
বন্ধ কল-কারখানাগুলো চালু করতে সরকার পদক্ষেপ নেবে
ঢাকা: শিল্পায়নের চলমান ধারা অব্যাহত রাখতে খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় বন্ধ হয়ে থাকা কল- কারখানাগুলো চালুর প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এ লক্ষ্যে বর্তমান সরকার বাস্তবতার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।





