ঢাকা: আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে যুদ্ধাপরাধের বিচারের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছেন নতুন সরকারের আইনমন্ত্রী আনিসুল হক।
সোমবার বেলা ১১টার দিকে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন, যেভাবেই হোক,আইনের শাসন প্রতিষ্ঠা করবো। আইনের শাসন প্রতিষ্ঠায় শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর।
বঙ্গবন্ধু হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী অ্যাডভোকেট আনিসুল হক বলেন,
“জেল হত্যার বিচার হয়েছে। বিডিআর বিদ্রোহের ঘটনার বিচার হয়েছে। বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার হয়েছে। গত আমলে বিচারের দণ্ড কার্যকরও করা হয়েছে। স্বাধীনতার ৪২ বছর পর এই সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে অনেকাংশে শেষ করার সাফল্য অর্জন করেছে। এর ধারাবাহিকতা থাকবে।”
আইন মন্ত্রণালয় বিচার বিভাগের ওপর প্রভাব খাটানোর চেষ্টা করবে কি না জানতে চাইলে তিনি বলেন, “১৯৭৫’র পর ৮১ পর্যন্ত একনায়ক ছিল। ১৯৮২ সাল থেকে আবারও একনায়ক। সেই সব আমলে বিচার বিভাগকে হয়তো প্রভাবিত করা হয়েছে। ২০০৭ সালে বিচার বিভাগ স্বাধীন হয়েছে। গত আমলে বিচার বিভাগকে প্রভাবিত করার কোনো চেষ্টা করা হয়নি।”
বর্তমান সরকারের ৫ বছরে বিচার বিভাগের আলাদা সচিবালয় হবে কি না- প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন,“ইনশাল্লাহ, দেখেন, হবে।”
গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত সাংবাদিকদের সঙ্গে প্রতি এক সপ্তাহ বা ১৫ দিনে একবার ব্রিফ করবেন বলে জানান তিনি।