রাজশাহীতে আসামির ধারালো অস্ত্রের আঘাতে এক পুলিশ কনস্টেবলসহ আহত হয়েছে দুইজন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় শুভ নামের এক যুবককে গ্রেফতার করেছে।
বুধবার রাতে মহানগরীর বালিয়াপুকুর ছোটবটতলা মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কনস্টেবল আলমগীর ও পুলিশের সহযোগী তৌহিদ।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক আব্দুল মোমিন জানান,পুলিশ কনস্টেবল আলমগীরের বাম হাতে এবং তৌহিদের পিঠে আঘাত রয়েছে। অস্ত্রোপচারের পর তাদেরকে ওয়ার্ডে পাঠানো হয়েছে।
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান,বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ছোটবটতলা মোড়ে কয়েকটি ছিনতাই মামলার আসামি শুভ ও ড্যানিকে ধরতে অভিযান চালায়। এ সময় শুভ ও ড্যানি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ শুভকে গ্রেফতার করতে সক্ষম হয় কিন্তু ড্যানি তার কাছে থাকা চাকু দিয়ে কনস্টেবল আলমগীর ও তৌহিদকে আঘাত করে পালিয়ে যায়।
[b]রাজশাহী, ২০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) //এমআর[/b]