পঞ্চগড়ে নেশাজাতীয় ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। তাদের কাছে তল্লাশি করে ৮০ পিস ব্রুনপ্রোনোফাইন ইনজেকশন পাওয়া গেছে। সোমবার বিকেলে শহরের লাঠুয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল- শহরের ডোকরোপাড়া মহলের ফজলে রাব্বির পুত্র আসিব ইকবাল (৩০) ও সদর উপজেলার আমতলা কাজিপাড়া গ্রামের মোসলেম উদ্দীনের পুত্র শাহিন (১৮)।
ডিবি পুলিশ জানায়, এই দুই মাদক ব্যবসায়ী প্রতিদিন ভারত থেকে ফেন্সিডিল, হিরোইন, ইয়াবাসহ  বিভিন্ন নেশা জাতীয় ইনজেকশন পঞ্চগড় শহরের বিভিন্ন পয়েন্টে সরবরাহ করতো। সোমবার বিকালে মীড়গড় বর্ডার দিয়ে মোটরসাইকেলে করে শহরের দিকে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই নুরুনবী প্রধানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল উপজেলার লাঠুয়াপাড়া চৌরাস্তায় তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তাদের কাছ থেকে ৮০ পিস ব্রুনপ্রোফাইন ইনজেকশন উদ্ধার করে ডিবি পুলিশ।
পঞ্চগড় ডিবি’র ওসি মাসুদ রানা ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটকের সত্যতা স্বীকার করে বলেন, এদের বিরুদ্ধে ১৯৯০ সালের  মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
[b]পঞ্চগড়, ১৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]