অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে সব সমুদ্রসৈকতে 'সৈকত ব্যবস্থাপনা কমিটি'গঠনের  নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এ সংক্রান্ত এক নির্দেশনাপত্র জারি করা হয়েছে।
নির্দেশ পাওয়া মন্ত্রণালয়গুলো হলো-শিক্ষা মন্ত্রণালয়,বেসাময়িক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়। চিঠিটি মন্ত্রণালয় ছাড়াও সব বিভাগীয় কমিশনার এবং কক্সবাজার,চট্টগ্রাম ও পটুয়াখালী জেলা প্রশাসকদেরও পাঠানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়,সম্প্রতি সেন্টমার্টিন সমুদ্রসৈকতে বেশ কয়েকজন শিক্ষার্থীর প্রাণহানি ঘটে। মঙ্গলবার দুর্ঘটনার কারণ ও প্রতিরোধে বিভিন্ন প্রস্তাব সম্বলিত তিন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়। এর পরই প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
নির্দেশনাপত্রে বলা হয়েছে,সমুদ্রসৈকতে দুর্ঘটনায় প্রায়ই প্রাণহানি ঘটছে। দুর্ঘটনা এড়াতে সব সমুদ্রসৈকতে 'সৈকত ব্যবস্থাপনা কমিটি' গঠন করে সৈকতের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হলো। এ ছাড়া সচেতনতা সৃষ্টির জন্য তিন মন্ত্রণালয়ের সুপারিশগুলোকে গণমাধ্যমে প্রচার করতেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
গত ১৪ এপ্রিল কক্সবাজারের সেন্টমার্টিন সমুদ্রসৈকতে আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৪ শিক্ষার্থীর একটি দল সমুদ্রে নামে। এসময়ে ঢেউয়ের তোড়ে কয়েকজন শিক্ষার্থী ভেসে যান। তাদের মধ্যে কয়েকজনের মরদেহ উদ্ধার হলেও দুই ছাত্র নিখোঁজ এখনো।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ  
[/b]