জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে কক্সবাজারের টেকনাফে আবদুল আমিন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের কোয়াইনছড়ি পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল আমিনের বাড়ি ওই একই এলাকায়। আহতরা হলেন-আবদুল আমিনের স্ত্রী নুর জাহান (৬২), মেয়ে হাছিনা আকতার (৩৫) ও নাতি তোফায়েল আহামদ (১৫)। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে কোয়াইনছড়ি পাড়ার মীর হোসেন (৩৫), সৈয়দ আহামদ (৩০), নুরজাহান বেগম (৪৫) ও রুনা আকতারকে (২৫) আটক করেছে।
নিহতের ছেলে হেলাল উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আমার বাবা আবদুল আমিনের সঙ্গে মীর হোসেন ও সৈয়দ আহমদের পরিবারের লোকজনের বিরোধ চলছে। এর জের ধরে রাত ৩টায় প্রতিপক্ষের লোকজন আমাদের বাড়িতে হামলা চালায়। এসময় তারা গুলি করে আমার বাবাকে হত্যা করে।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরহাদ জানান, বৃদ্ধের নিহত হওয়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে ৪জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
[b]কক্সবাজার, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// জেইউ//এসএইচ[/b]