আন্দোলনের নামে যারা মানুষ পুড়িয়ে মেরেছে, তাদের বিচারের আওতায় আনা হবে। বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, হরতাল, অবরোধের  নামে বিএনপি-জামায়াত ১৬ জন পুলিশ সদস্য, দুইজন বিজিবি সদস্য, একজন সেনাসদস্য, বাস ড্রাইভারসহ সাধারণ মানুষদের হত্যা করেছে।
তিনি আরো বলেন, যারা জনগণের জানমালের ক্ষতি করেছে, তাদের বিচার অবশ্যই হতে হবে। মানুষ পুড়িয়ে বিএনপি-জামায়াত শিবির হেসেছে। দেশের মানুষ তা দেখেছে।
স্বতন্ত্র সংসদ সদস্য ড. রুস্তম আলী ফরাজির এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালে আমরা যখন ক্ষমতা গ্রহণ করি, তখন বাংলাদেশ একটি ‘দুর্নীতিবাজ দেশ’ হিসেবে বিশ্বের কাছে পরিচিত ছিল। আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছে।
প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ে আমাদের সরকার যে কাজ করেছে, অন্য কোনো সরকার তা করেনি।
বিশ্ব অর্থনীতির মন্দা মোকাবেলা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা  করে বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসেবে দাঁড় করিয়েছি। যতই বাধা আসুক, আমাদের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখবোই।
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]