[b]ফেনী:[/b] নির্বাচন ঠেকাতে বিরোধীদলের অবরোধের মধ্যে ভোটের মাত্র এক দিন আগে ফেনীর দাগনভূঞায় ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে উপজেলার ৭টি ভোটকেন্দ্রে ক্ষতিগ্রস্থ হয়েছে। এরমধ্যে কয়েকটি কেন্দ্রের চেয়ার-টেবিলসহ প্রায় সবগুলো কক্ষ পুড়ে গেছে বলে জানা গেছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনের ভোটকেন্দ্র হিসাবে এই প্রতিষ্ঠান গুলো ব্যবহারের কথা ছিল।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। সত্যতা স্বীকার করেছেন দাগনভূঞা থানার ওসি মো. নিজাম উদ্দিন।
স্থানীয়রা জানায়, রাত ১টার দিকে উপজেলার পূর্বচন্দপুর ইউনিয়নের গজারিয়া আদর্শ একাডেমিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে টিনশেড ওই ভবনের কয়েকটি কক্ষের চেয়ার-টেবিল ও বেঞ্চ পুড়ে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
এদিকে, একই সময়ে পার্শ্ববর্তী জায়লাশকর ইউনিয়নের ওমরপুর সুলতানা মেমোরিয়াল গার্লস স্কুল ও মাতুভুইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এছাড়াও পূর্বচন্দ্রপুর ইউনিয়নের হাসানীয়া মাদ্রাসা, নয়নপুর প্রাথমিক বিদ্যালয় ও রামনগর ইউনিয়নের বশিরিয়া মাদ্রাসা কেন্দ্র ও পৌরসভার উদরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুন দেওয়া হয়।
খবর পেয়ে ফেনী থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে কয়েকটি কেন্দ্রের আগুন নেভায়। কিছু কেন্দ্রে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই ভবনগুলোর বেশকিছু আসপাবপত্র পুড়ে যায়।
দাগনভূঞা থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ারুল আজিম জানান, ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলো পুলিশ পরিদর্শন করেছে। আগুনে প্রতিষ্ঠান গুলোর চেয়ার, টেবিলসহ ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।





