[b]কুমিল্লা[/b]: জেলার দেবিদ্বারে বিয়ের প্রস্তাবে পরিবারের অমত থাকায় মাহমুদা আক্তার নামে এক স্কুল ছাত্রীকে জবাই করে হত্যার চেষ্টা করেছে বখাটে যুবক।
বুধবার সকালে উপজেলার ফাতেহাবাদ ইউনিয়নের ফাতেহাবাদ গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ফাতেহাবাদের মো. মহসীন জমাদ্দারের মেয়ে নবম শ্রেণির ছাত্রী মাহমুদা আক্তারকে একই গ্রামের মুন্সিবাড়ির হান্নান মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন মিয়া র্দীঘ দিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে।
এতে মাহমুদা সাড়া না দেয়ায় এক পর্যায়ে তার পরিবারে বিয়ের প্রস্তাব পাঠান হোসেন। পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হোসেন ক্ষিপ্ত হয়।
বুধবার সকালে মাহমুদা স্কুলে যাওয়ার পথে হত্যার উদ্দেশ্যে হোসেন তার ঘাড়ে ছুরিকাঘাত করে। এসময় মাহমুদার আত্মচিৎকারে স্থানীয়রা হোসেন মিয়াকে ধাওয়া করলে সে নিজের গলায় নিজেই ছুরিকাঘাত করে।
দুজনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।