কেন্দ্র দখল, জালভোট, ব্যালট পেপার ছিনতাই, ভোট বর্জন, ককটেল বিস্ফোরণ, প্রতিপক্ষের ওপর হামলা, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়াসহ নানা অভিযোগের মধ্যে দিয়ে শেষ হলো চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপ।
বৃহস্পতিবার সকালে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হলেও মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই কেন্দ্রেগুলোতে শুরু হয় বিশৃঙ্খলা। একের পর এক ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে কেন্দ্র দখল, জাল ভোটসহ নানা অভিযোগ আসতে থাকে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1393496966.jpg[/img]
দেশের ১১৫ উপজেলার বেশিরভাগ কেন্দ্র থেকেই অনিয়মের অভিযোগ উঠেছে। শেষ খবর পওয়া পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ, মাগুরার শালিখা উপজেলা, যশোরের চৌগাছা ও ঝিকরগাছা, ভোলার চরফ্যাশন, কক্সবাজারের চকরিয়া উপজেলা, সাতক্ষীরার শ্যামনগর, গোপালগঞ্জ সদর, মেহেরপুরের গাংনী উপজেলা, ফেনীর পরশুরাম ও পশ্চিম সোনাপুর, মুন্সীগঞ্জের শ্রীনগর, জামালপুরের বকশিগঞ্জ, কুড়িগ্রামের রাজারহাট উপজেলা, কুষ্টিয়ার কুমারখালী, মাদারীপুরের শিবচর উপজেলা, লালমনিরহাট, পাটগ্রাম উপজেলাসহ আরো অনেক উপজেলায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1393496985.jpg[/img]
এরইমধ্যে ৬টি উপজেলায় সুনির্দিষ্ট কিছু অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। একইসাথে কক্সবাজার, ভোল ও বরিশাল জেলায় হরতালের ডাক দিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৮৫টি ভোটকেন্দ্র থেকে বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
একইভাবে মতলব দক্ষিণ উপজেলার কমপক্ষে পাঁচটি কেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দেয়ার অভিযোগ পাওয়া গেছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মারতেও দেখা যায়।
মাগুরার শালিখা উপজেলার বয়রা-গোবরা পঞ্চপল্লি মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করতে যাওয়া পুলিশের কাছ থেকে একটি চাইনিজ এসএমজি চুরির ঘটনা ঘটেছে।
যশোরের চৌগাছার একটি কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে বিএনপি সমর্থিত চেয়ারম্যানপ্রার্থী আহত হয়েছেন। কয়েকজন সাংবাদিকও এ সময় মারধরের শিকার হয়েছেন। বৃহস্পতিবার সকালে ওই ঘটনার পর চৌগাছা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।
এছাড়া ঝিকরগাছা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ ও ব্যালট ছিনতাইয়ের চেষ্টার মধ্যে পাঁচটি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।
ভোলার চরফ্যাশন উপজেলায় ৫০টি কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী মোতাহের হোসেন আলমগীর মালতিয়া। এছাড়াও আওয়ামী লীগ কর্মীদের হামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩৫ নেতাকর্মী আহত হয়েছেন।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পাঁচটি ভোট কেন্দ্র সম্পূর্ণ দখলে নিয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাফরের বাহিনী। এসব কেন্দ্রের বাইরে গুলিবর্ষণ করে ভোটারদের তাড়িয়ে দেয়া হয়েছে। তারপর গ্রুপ করে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা প্রকাশ্যে জাল ভোট প্রদান করে।
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফিউল আযম লেনিনের পক্ষে ব্যানার টানানোর সময় প্রতিপক্ষের হামলায় দু'জন আহত হয়েছেন।
গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে সকালে পুলিশের ওপর হামলা হয়েছে। এতে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এরপর ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
মেহেরপুরের গাংনী উপজেলায় নির্বাচন শুরুর পরপরই ভোলাডাঙ্গা কেন্দ্রের বাইরে হাত বোমার আঘাতে চারজন আহত হয়েছেন। এ ছাড়া শালদাহ, মালসাদাহ, সাহারবাটি, জোড়পুকুরসহ বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমানের কর্মীরা ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ফেনীর পরশুরাম এবং পশ্চিম সোনাপুরের ৫টি কেন্দ্র থেকে ১৯ দল সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টদেরকে বের করে দিয়েছে সরকার সমর্থিত প্রার্থীর নেতাকর্মীরা।
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিভিন্ন ভোট কেন্দ্রে আওয়ামী ক্যাডাররা বিএনপি সমর্থকদের ভোট প্রদানে বাধা দিয়েছে।
জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে লাঞ্ছিত করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার  দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এর পর থেকে ওই ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদের সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ায় আতিকুর রহমান (২১) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। দুপুর সোয়া ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এ দণ্ডাদেশ দেন।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল মান্নান খানের পক্ষে আগে থেকেই সিলমারা ব্যালট উদ্ধার করা হয়েছে।
আজ  সকালে হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট প্রদান ও বাক্সে ব্যালট ঢোকানোর আগেই তাতে সিল মেরে রাখার ঘটনা ঘটেছে। বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল ইসলাম আনসারের মোটরসাইকেল প্রতীকের এজেন্টদের হুমকি প্রদানেরও অভিযোগ পাওয়া গেছে।  
মাদারীপুর জেলার শিবচর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা তাদের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন।
লালমনিরহাট ও পাটগ্রামে এজেন্ট হয়ে প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করায় আওয়ামী লীগ সমর্থক আব্দুল মজিদকে এবং ওমর ফারুক নামে দু'জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি নির্বাচন কমিশন দ্বিতীয় ধাপে ১১৭ উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করে। এর মধ্যে স্থানীয় ধর্মীয় উৎসবের কারণে কক্সবাজারের মহেশখালীতে আজকের পরিবর্তে ১ মার্চ ভোট নেয়া হবে। এ ছাড়া আদালতের নির্দেশে চাঁদপুরের হাইমচরের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
১১৫টি উপজেলায় চেয়ারম্যান পদে ৫০০, ভাইস চেয়ারম্যান ৫০৬ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে মোট ভোটার এক কোটি ৯৫ লাখ ৯২ হাজার ৮৬৮ জন। এঁদের মধ্যে নারী ভোটার ৯৭ লাখ ৮৭ হাজার ৭১৮ এবং পুরুষ ৯৮ লাখ পাঁচ হাজার ১৫০ জন।
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর/কেবি[/b]