[b]কুমিল্লা:[/b] জেলার মুরাদনগর উপজেলায় নবীপুর পূর্ব ইউনিয়নে চাঁদা না দেয়ায় বিএনপির এক নেতাকে পিটিয়ে হত্যা করেছে আওয়ামী লীগ ক্যাডাররা। নিহত মো: জসিম উদ্দিন (৩৮) ওই গ্রামের মৃত খালেক ব্যপারীর ছেলে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় গকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,জসিম উদ্দিন তার বাড়ির পাশের পুকুরে মাটি ভরাট করছিলেন। এতে উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাসুকুল ইসলাম মাসুক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ক্যাডার বাহিনী দিয়ে মাটি ভরাট কাজে বাধা দেয় এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু চাঁদা না দিয়ে ভরাট কাজ চালিয়ে যাওয়ায় সকালে গকুলনগর গ্রামের সামছু মিয়ার ছেলে মহসিনসহ (৩০) চারজন সন্ত্রাসী কাজে বাধা দেয়। এসময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা জসিমকে পিটিয়ে গুরুত্বর আহত করে। আহত জসিমকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ ব্যপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান,খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।