[b]কুমিল্লা:[/b] জেলার বুড়িচংয়ে বিএনপি-জামায়াতের ৩৩ নেতা-কর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
বুধবার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা ইসলাম এই আদেশ দেন।
নেতা-কর্মীদের হরতালে নাশকতা,বিস্ফোরক দ্রব্য ও পুলিশের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় এ আদেশ দেওয়া হয়।
মামলায় অভিযুক্ত বিএনপি-জামায়াতের ৩৫ নেতাকর্মী জামিনের আবেদন চেয়ে আদালতে আত্মসমর্পণ করলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা ইসলাম ২জনের জামিন মঞ্জুর করে বাকিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়,চলতি বছরের ৭ নভেম্বর দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা হরতাল চলাকালে অভিযুক্তরা কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন স্থানে যানবাহন ভাংচুর, ককটেল বিস্ফোরণ ও পুলিশের উপর হামলার ঘটনা ঘটায়। এসব ঘটনায় বুড়িচং থানা পুলিশ বাদী হয়ে ১৭৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দেড় হাজার নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে অভিযুক্তরা উচ্চ আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করে। দীর্ঘ সময় জামিনে থাকার পর বুধবার ৩৫ জন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিজ্ঞ আদালত ২ জনের জামিন মঞ্জুর করে বাকিদের জেলহাজতে পাঠায়।
এ বিষয়ে আসামিদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আ. হ. ম. তাইফুর আলম জানান,এটি একটি রাজনৈতিক মামলা। মামলাটি নেতাকর্মীদের হয়রানির উদ্দেশ্যে ষড়যন্ত্র হিসেবে দেয়া হয়েছে।
এছাড়া তাদের জামিন আবেদন খারিজ করে দেয়ায় তারা ক্ষুব্ধ হয়ে পুনরায় দায়রা জজ আদালতে তাদের জামিন আবেদন করার সিদ্ধান্ত নেয়।
শ্রেণীহীন
কুমিল্লায় ১৮-দলের ৩৩ নেতাকর্মী জেলে
জেলার বুড়িচংয়ে বিএনপি-জামায়াতের ৩৩ নেতা-কর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা ইসলাম এই আদেশ দেন





