আগামীকালের (সোমবার) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, ১২ উপজেলায় নির্বাচন সুষ্ঠু হবে।    
রোববার বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।  
তিনি বলেন, আগামীকাল (সোমবার) ১২ টি উপজেলায় সাধারণ নির্বাচন এবং একটি উপজেলায় উপনির্বাচন হবে। এতে ৭৪৬ কেন্দ্রে ২০ হাজারের অধিক আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৭ হাজার পুলিশ থাকবে। এবার কেন্দ্র প্রতি পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।
গাজীপুর উপজেলা নির্বাচন সম্পর্কে ভারপ্রাপ্ত সচিব বলেন, গাজীপুরের নির্বাচনী পরিস্থিতি নিয়ে শঙ্কা নেই। ইসির কর্মকর্তারা আশঙ্কার কথা কিছু বলেনি। সেখানে কোনো ঝুঁকি নেই বলে জানান তিনি ।
এ ১২ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ-মহিলা) পদে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৯ জন। এর মধ্যে ৬১ জন চেয়ারম্যান পদে,ভাইস চেয়ারম্যান পদে(পুরুষ) ৬৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৯ জন হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন মোট ১৮ লাখ ৪৫ হাজার ১৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
গত ১৬ এপ্রিল ৬ষ্ঠ দফা নির্বাচনের জন্য ১৪ টি উপজেলার তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন। এর মধ্যে সীমানা সংক্রান্ত জটিলতার কারণে পটুয়াখালীর রাঙ্গাবালী ও নারায়নগঞ্জ বন্দর উপজেলা নির্বাচন স্থগিত করা হয়।  
যে ১২ উপজেলায় নির্বাচন হবে;রংপুর সদর,কাউনিয়া, গঙ্গাচড়া, পীরগাছা উপজেলা, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা, বরগুনার তালতলি উপজেলা, রাজবাড়ীর কালুখালী উপজেলা, গাজীপুর সদর, টাঙ্গাইলের বাসাইল উপজলা, ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা।
[b]ঢাকা, এএম, ১৮মে (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]