বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।
বুধবার সকালে সাভারের হেমায়েতপুর এলাকার ফা অ্যাপারেলস কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে।
শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হয়েছেন। আহত শ্রমিকদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিল্প পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮ টায় সাভারের হেমায়েতপুর নতুন পাড়া এলাকার ফা অ্যাপারেলস কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে।
শ্রমিকরা প্রায় ১ ঘণ্টা সড়কটি অবরোধ করে রাখায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া শিল্প-পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, বিক্ষুব্ধ শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
[b]সাভার, ২৯ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) //এফএ[/b]