মেলবোর্ন:বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচেই অল রাউন্ডার পার্ফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হলেন এই তারকা। সেই সাথে ব্যর্থ হয়েছে তার দল অ্যাডিলেড স্ট্রাইকার্স। মেলবোর্ন স্টারসের বিপক্ষে আট উইকেটে হেরেছে তারা।
বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট মাঠে টস জিতে ব্যাটিং সিদ্ধান্ত নেন অ্যাডিলেডের অধিনায়ক ফিলিপ হিউগস। কিন্তু স্বাগতিক বোলারদের বোলিং ঝড়ে মাঠে টিকতে পারেননি তার দলের ব্যাটসম্যানরা। তবে ব্যতিক্রম ছিলেন ওপেনার ক্লিনজার ও রিচার্ডসন। তাদের দুই জনের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটের বিনিময় মাত্র ৯০ রান সংগ্রহ করে অতিথি দল অ্যাডিলেড।
উদ্বোধনী জুটিতে হ্যালেসকে সঙ্গে নিয়ে ২১ রানের জুটি গড়েন ওপেনার ক্লিনজার। এরপর ব্রিডের বলে ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান পাঁচ রান করা হ্যালেস। এর মধ্য দিয়ে অ্যাডিলেড শিবিরে ভাঙ্গন শুরু হয়। ক্লিনজার ২২ গজের এক প্রান্তি দাঁড়িয়ে থাকেন। কিন্তু ক্রিজে এসে ফিরে গেলেন লুডম্যান (৬), হিউগস(০) ও রিয়ারডন (১)।
এরপর আশার আলো দেখাতে মাঠে নামেন বাংলাদেশী অল রাউন্ডার সাকিব। কিন্তু আট বলে মাত্র দুই রান করে রাইটের বলে ফকনারের তালুবন্দি হন তিনি। পরে চার রান করা করে নেসার আউট হলে ওপেনারের সঙ্গে যোগ দেন রিচার্ডসন। এই দুই ব্যাটসম্যান গড়ে গোলেন ২৪ রানের জুটি। কিন্তু এরপর ফকনারের শিকারে পরিণত হন ক্লিনজার। মাঠ ছাড়ার আগে ৪৯ বলে তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে ৪২ রান করেন তিনি।
এরপর আবার আসা-যাওয়া, আর মাঠে দাঁড়িয়ে থাকেন রিচার্ডসন। পরে ২১ রান করে দলীয় ৮৯ রানে সাজঘরে ফেরেন তিনি। তারপর আর এক রান সংগ্রহ করতে পারে সফরকারী দলটি।
মেলবোর্নের বোলার ফকনার সর্বোচ্চ তিনটি উইকেট পান। আর মালিঙ্গা নেন দুটি উইকেট। জবাবে একেবারেই ম্লান ছিলেন অ্যাডিলেডের বোলাররা। তাদেরকে বেধড়ক পিটিয়ে মাত্র সাত ওভার তিন বলেই ৯১ রান সংগ্রহ করে দলের জয় নিশ্চিত করে স্বাগতিক ব্যাটসম্যানরা।
উদ্বোধনী জুটিতে ৬২ রান সংগ্রহ করে দলকে জয়ের দরজায় নিয়ে যান ক্যামেরন হোয়াইট ও লিউক রাইট। তবে ষষ্ট ওভারেই এই দুই জনকে আউট করেন বোলার মাইকেল নেসার। তার প্রথম বলেই রিচার্ডসনের হাতে ক্যাচ তুলে দেন রাইট। মাঠ চাড়ার আগে মাত্র ২০ বলে আটটি চার ও দুটি ছক্কায় ৪৯ রান করেন তিনি। দলের রানের খাতায় আর কোনো রান যোগ হওয়ার আগে এবার সাকিবের হাতে ক্যাচ আউট হন ওপেনার হোয়াইট। ১২ বলে এক চারে মাত্র ১৩ রান করেন এই দলনেতা।
পরে আর কোনো উইকেট হারাতে হয়নি মেলবোর্নকে। ১০ বলে চারটি চার ও একটি ছক্কায় ২৫ রান করে জয় তুলে নেন ওয়ানডাউনে নামা গ্লেন ম্যাক্সওয়েল। আর তার সঙ্গে দুই রানে অপরাজিত থাকেন ম্যাথু ওয়েডে।
ম্যাচটিতে বাংলাদেশের বোলার সাকিব আল হাসান ব্যাটিংয়ের পর বল হাতেও ছিলেন অনুজ্জ্বল। এক ওভার বল করে কোনো উইকেট না নিয়ে ১০ রান দেন তিনি। তার এক মাত্র সাফল্য একটি হোয়াইটের তুলে দেয়া বল তালুবন্দী করা।