বাংলাদেশি নাগরিককে নির্যাতনের দায়ে ক্ষতিপুরণ দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দুই বছর আগে বাংলাদেশি নাগরিককে নগ্ন করে হাত-পা বেঁধে নির্মমভাবে নির্যাতনের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দিয়েছে।
মঙ্গলবার রাজশাহীর খানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে টাকা হস্তান্তর করে এবং ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে।
নির্যাতনের শিকার ওই বাংলাদেশি যুবকের নাম হাবিবুর রহমান ওরফে হাবু । তাঁর বাবার নাম সাইদুর রহমান। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাতরসিয়া গ্রামে।
এই অর্থ হস্তান্তরের জন্য বিএসএফের ১৩০ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের প্রস্তাব অনুযায়ী বেলা সাড়ে ১১টায় ৩৭ বিজিবি ব্যাটালিয়নের খানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ১৬৩ ও ১৬৩/১ সীমান্ত পিলারের মধ্যবর্তী স্থানে বাংলাদেশের ভেতরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ৩৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজিম খানসহ বিজিবির কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের উপস্থিতিতে হাবিবুর রহমানের হাতে ৫০ হাজার রুপি তুলে দেন বিএসএফ কমান্ড্যান্ট শ্রী রাজ কুমার। তিনি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
অনুষ্ঠান শেষে ভারত-বাংলাদেশ বন্ধুভাবাপন্ন প্রতিবেশী দুই রাষ্ট্রের সুখ ও শান্তি কামনা করা হয়।
২০১১ সালের ৯ ডিসেম্বর রাজশাহীর খানপুর বিওপি এলাকা দিয়ে ভারতীয় সীমানার ভেতরে প্রবেশ করলে ১০৫ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন চরমুর্শি বিএসএফ ক্যাম্পের টহল দল হাবিবুর রহমানকে আটক করে ক্যাম্পে নিয়ে গিয়ে পেটায়। পরের দিন তাঁকে নগ্ন করে হাত-পা বেঁধে লাঠি ও বাঁশ দিয়ে আবার নির্মমভাবে পেটায়। ওই দিন দুপুরে তাঁকে হাত-পা বাঁধা অবস্থায় সীমান্তের শূন্য রেখার কাছে ফেলে রাখা হয়। বাংলাদেশের স্থানীয় জনগণ তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
নির্যাতনের শিকার বাংলাদেশী রাখালের ইউটিউব লিংক:
(http://www.youtube.com/watch?v=mGvsIECMs-s)
[youtube]mGvsIECMs-s[/youtube]
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]