[b]ঢাকা:[/b] এই প্রথমবারের মত রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেন চলাচল সম্পর্কিত বিষয় জানতে ২২টি ডিজিটাল ডিসপ্লে মনিটর সিস্টেম কার্যক্রম শুরু করেছে রেল কর্তৃপক্ষ।
এই নতুন প্রযুক্তির মাধ্যমে যাত্রীরা সহজে ট্রেন ছাড়া,পৌঁছার সময়,গন্তব্য স্টেশন,প্ল্যাটফর্ম নম্বর,ট্রেনের বিলম্বসহ নানা তথ্য জানতে পারবেন।
অ্যাডভান্স রেল ট্যাক সলিউশন নামের একটি কোম্পানি তাদের নিজস্ব অর্থায়নে পাঁচ বছর এ সিস্টেম পরিচালনার মাধ্যমে যাত্রীদের সেবা দিয়ে যাবে। বিনিময়ে তারা বাংলাদেশ রেলওয়েকে ২০লাখ টাকা ভাড়া প্রদান করবে।
মঙ্গলবার বিকেলে রেলপথ মন্ত্রী মুজিবুল হক আনুষ্ঠানিক ভাবে নতুন এ তথ্য প্রযুক্তির কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এসময় মন্ত্রী বলেন,যাত্রীদের সেবার মান বাড়াতে আমরা একটি নতুন সিস্টেম চালু করতে যাচ্ছি। বিমানবন্দর ছাড়া অতীতে কোথাও এই সিস্টেম চালু ছিলো না। তথ্য প্রযুক্তির যুগে এটি একটি নতুন সংযোজন। যা যাত্রী সেবার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্ত্রী বলেন,রেল একটি সাশ্রয়ী ও আরামদায়ক পরিবহন ব্যবস্থা। এই লক্ষ্যে সরকার ১৮’শ ২ কোটি টাকার ৩৮টি প্রকল্প হাতে নিয়েছে।
বিগত সরকারের সমালোচনা করেন মন্ত্রী বলেন,বিগত সরকারের সময় রেল ছিলো অবহেলিত। আর বর্তমান সরকার জনগণের সেবার মান বৃদ্ধি করতে প্রধানমন্ত্রী এ সেক্টরে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন। আর বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া আগুন দিয়ে নাশকতা কর্মকাণ্ড করে রেলের সম্পদ নষ্ট করে যাচ্ছে।
এছাড়াও যাত্রী সেবার মান বাড়াতে স্বল্প,মধ্য ও দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা নেওয়া হয়েছে বলেও মন্ত্রী জানান।
সভাপতির বক্তব্যে রেলওয়ের মহাপরিচালক মো. আবু তাহের বলেন,যাত্রী সেবার মানবৃদ্ধির জন্য আমরা সার্বিক কাজ করে যাচ্ছি। ইতিমধ্যেই নানা উন্নোয়ন মূলক কাজ আমরা করেছি।
এসময় বক্তব্য রাখেন রেল সচিব আবুল কালাম আজাদ,রেলওয়ের অতিরিক্ত মাহাপরিচালক (আই) আমজাদ হোসেন,বাংলাদেশ রেলওয়ের শ্রমিক লীগের সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির প্রমুখ।