[b]ঢাকা:[/b] বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, জনগণ প্রহসনের নির্বাচন প্রত্যাখান করেছে। এর মধ্য দিয়ে আবারো প্রমাণিত হল দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে পারে না।
রোববার বিকাল সাড়ে ৪টায় নিজ বাসভনে নির্বাচনের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।
তিনি দাবী করেন, ভোটার ও প্রার্থীবিহীন এই নির্বাচনে সর্বোচ্চ ৪-৫ শতাংশ ভোটার ভোট দিয়েছে।
ভোটারবিহীন একদলীয় ভাগাভাগির এই নির্বাচন গ্রহণযোগ্য হচ্ছে না মন্তব্য করে তিনি বলেন, দেশে বিদেশে কোথাও এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। কারণ যে নির্বাচনে ১৫৩টি বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী হয়েছে সেখানে জনগণের ভোটাধিকার প্রয়োগের কোনো সুযোগ ছিল না।
তিনি বলেন, জাগ্রত জনতা একদলীয় নির্বাচন প্রত্যাখান করে অন্যায়কে অস্বীকার করে ইতিহাস সৃষ্টি করেছে। এই নির্বাচন জাতির কাছে একটি কলঙ্কময় অধ্যায় হিসেবে পরিগণিত হয়ে থাকবে।
মঈন খান আরো বলেন, সকাল ৮টা থেকেই ভোটারের উপস্থিতি বিহীন ভোটকেন্দ্রগুলোর প্রকৃত তথ্যচিত্র ইতোমধ্যেই দেশবাসীসহ গোটা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ ও যুক্তরাস্ট্রসহ অন্যান্য দেশ নির্বাচনের আগেই মন্তব্য করেছিল যে এটি একটি অগ্রহণযোগ্য নির্বাচন হবে। আজ সেটিই প্রমাণিত হল।
দেশের জনগণের প্রত্যাশা পুরণে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি করেন তিনি।