মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলছি। আপনি দেশের প্রধান। আমাদের সেবক। জনমানুষের প্রতিনিধি। দেশের উন্নয়নে আপনার অনেক ভূমিকা রয়েছে। আপনি আমাদের সেবা দেন।

কিন্তু আমরা যে সেবা পাচ্ছি তা আপনি হয়তো সহ্য করতে পারবেন না। না পারলেও আপনাকে একবার বলছি। অন্তত পক্ষে আপনার অফিসে (গণভবন থেকে সচিবালয়) যাওয়ার রুটটা একবার পরিবর্তন করে মগবাজার-মালিবাগ-শান্তিনগর পথ দিয়ে আসুন। দেখে যান আমরা কী সেবা পাচ্ছি। আর সে সেবা কতো যে যন্ত্রণার!

তীব্র ক্ষোভ, হতাশা আর অভিমান করেই এমন কথাগুলো বলেন মগবাজার-মালিবাগ ফ্লাইওভারের নিচে কাদামাটিতে আটকে পড়া বৃদ্ধ রিকসাচালক আনোয়ার মিয়া।

জামা-কাপড় গুটিয়ে পাশ দিয়ে হেঁটে যাওয়া অপর এক পথচারী হেসে উঠে বলেন, ‘এসব বলে লাভ নেই। উনারা এমন অবস্থার কথা ঠিকই জানেন। তাইতো এ পথ দিয়ে আসবেন না। আসলে কাদামাটি সাদা কাপড়ে লেগে যাবে তো তাই। যারা জনগণের টাকায় নিয়মিত বিলাসিতা করেন তারা কাদামাটির যন্ত্রণা বুঝবেন কীভাবে?’

ঢাকা, ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) কেবি